মো. শওকত হোসেন, লৌহজং (মুন্সীগঞ্জ) : ‘কৃষক কার্ড থাকলে হাতে হাতে সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে লৌহজং উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষকদের সরকারি সেবা ও কৃষি উপকরণ সহায়তা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুকাইয়া শারমিন, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাকসহ স্থানীয় কৃষক-কৃষাণী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমকে ঘিরে স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ দেখা গেছে। সংশ্লিষ্টরা জানান, কৃষক কার্ডের মাধ্যমে সরকারি কৃষি সেবা ও বিভিন্ন সহায়তা কৃষকদের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।