সোমবার ০৫, অক্টোবর ২০২৬

সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --

তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীদের পাশে দাঁড়াচ্ছি : যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৮ এএম

8

বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. মনিরের পরিবারের পাশে দাঁড়াতে তারেক রহমানের নির্দেশনায় এসেছেন বলে জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে স্ট্রোক করে মারা যাওয়া জি. এম. মনিরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহযোগিতা প্রদানকালে তিনি এ কথা বলেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়।


মোনায়েম মুন্না বলেন, যুবদল যে কার্যক্রম পরিচালনা করে, তা দলের হাইকমান্ডের নির্দেশনা অনুসারেই করা হয়। তারেক রহমান মানবিক ও ইতিবাচক রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে রাজনীতি করছেন এবং তার নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা কাজ করছেন।

তিনি বলেন, জি. এম. মনির মিছিল ও কর্মসূচির মধ্যে মৃত্যুবরণ করেছেন। বিষয়টি সারা দেশে আলোচিত হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যেও এর প্রভাব পড়েছে। তারেক রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছেন। সাংগঠনিক অভিভাবক হিসেবে তার নির্দেশনায় মনিরের পরিবারের পাশে দাঁড়াতে তারা এসেছেন।

যুবদল সভাপতি আরও বলেন, সারা দেশে অনেক নেতাকর্মী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে আহত, পঙ্গুত্ব ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসব নেতাকর্মী ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে যুবদল কাজ করছে। তালিকাভুক্ত প্রত্যেক পরিবারের কাছে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা ও উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

মোনায়েম মুন্না বলেন, যুবদলের যেকোনো সমস্যা ও সংকটে সংগঠনটি নেতাকর্মীদের পাশে দাঁড়ায়। নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে কাজ করা এবং নেতাকর্মী ও তাদের পরিবারের কল্যাণে ভূমিকা রাখা সাংগঠনিক দায়িত্বের অংশ।

এর আগে কুষ্টিয়ার দৌলতপুরে এক শিক্ষকের গ্রেফতার ও পরে তাকে ছেড়ে দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। মনিরের পরিবারের পাশে দাঁড়ানোও সেই ইতিবাচক রাজনৈতিক চিন্তার অংশ বলে উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা জি. এম. মনিরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা।

Link copied!