সোমবার ০৫, অক্টোবর ২০২৬

সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --

বড় পর্দায় দীঘির ভাগ্য যেন অপ্রসন্ন!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

11

ছবি: সংগৃহীত

নায়িকা হিসেবে ২০২১-এ অভিষেকের পর থেকে এ পর্যন্ত সাফল্যের মুখ দেখা হয়নি প্রার্থনা ফারদিন দীঘির। অথচ শিশুশিল্পী হিসেবে তার সাফল্যের হার ঈর্ষণীয়। প্রায় দু’বছর ধরে বড় পর্দায় কেন্দ্রীয় চরিত্রে নেই দীঘি। ২০২৪ সালের নভেম্বরে এসেছিল ’৩৬-২৪-৩৬’। রেজাউর রহমানের ওই সিনেমা সেভাবে সাড়া জাগাতে পারেনি। গত বছরের ঈদুল ফিতরে সিনেমা ‘জংলি’তে অভিনয় করেছেন দীঘি, তবে এখানেও তার চরিত্রের ব্যপ্তি সংক্ষিপ্ত। ফলে দীঘিকে সেভাবে পাচ্ছে না দর্শক।

সেই অভাব ঘুচিয়ে দেবে ‘বিদায়’, এমনই প্রত্যাশা ছিল অনেকের। ‘বরবাদ’ খ্যাত মেহেদী হাসান হৃদয়ের এই সিনেমায় অভিনয় করেছেন দীঘি, সঙ্গে আছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদের মতো তারকারা। কিন্তু এখানেও বিধিবাম! সিনেমাটি যেন মুক্তির আলোয় আসতেই পারছে না। গেল বছরের দুর্গাপূজায় মুক্তির কথা ছিল ‘বিদায়’। কিন্তু কাজ সম্পন্ন না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে এ বছর কোরবানির ঈদেও ছবিটি মুক্তি দিতে চেয়েছিলেন পরিচালক হৃদয়। কিন্তু প্রযোজক শাহরিন সুলতানা সুমি রাজি হননি। এর মধ্যে শোনা যায়, সিনেমার শুটিংও নাকি কিছুটা বাকি।

এদিকে 'বিদায়' ছাড়া নতুন কোনো সিনেমার খবরেও পাওয়া যাচ্ছে না দীঘিকে। এ বছরের শুরুর দিকে একটি ওয়েব সিনেমাও করেছেন দীঘি। সুমন ধরের সেই ওয়েবফিল্ম নিয়েও পরে আর কোনো খবর পাওয়া যায়নি।

Link copied!