প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
13
সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --
কোনো হুমকি-ধমকিতে বিএনপি ভীত নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দীর্ঘদিন নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। জনগণের সমর্থন নিয়ে দলটি সরকার গঠন করেছে। তাই জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার মোকামতলায় গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপি আয়োজিত মশাল মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাম্প্রতিক একটি লংমার্চ কর্মসূচির সমালোচনা করে বলেন, লংমার্চের নামে কয়েক শ গাড়ির বহর নিয়ে যাওয়া হয়েছে। তেল-গ্যাস না পাওয়ার কথা বলা হলেও ওই কর্মসূচিতেই বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার করা হয়েছে। সংসদে এক ধরনের বক্তব্য এবং সংসদের বাইরে ভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও দাবি করেন, একটি গুপ্ত সংগঠন ১১ দলের ফুটবল টিম গঠন করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ তৈরি করতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষ এখন এ বিষয়ে সজাগ ও সচেতন বলে মন্তব্য করেন তিনি। যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় বিএনপির সক্ষমতা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
বিএনপির আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে মীর শাহে আলম বলেন, দীর্ঘ ২০ বছর নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। জনগণের বিপুল সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তাই কোনো হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।
উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মোকামতলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নে কাজ করছে। দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর ফলে উন্নয়নের সুফল প্রতিটি এলাকার মানুষ সমানভাবে ভোগ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল হাতে মিছিল বের করেন। মিছিলটি মোকামতলা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।